কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচি ‘লকডাউন’ নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, “কোনো শঙ্কা নেই এবং চিন্তার কোনো কারণ নেই। ঢাকাবাসী স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।” ওইদিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীতে মোতায়েন থাকবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “ঢাকার বাইরে থেকে লোকজন এসে টাকার বিনিময়ে মিছিল করছে এবং পরে বাইরে চলে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে যুক্ত ৫৫২ জনকে অক্টোবর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় বা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব ককটেল বিস্ফোরণে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “অন্যের মোটরসাইকেল বা যানবাহন ভাড়া নিয়ে কেউ নাশকতা করতে পারে না। তাই যানবাহন ভাড়ার আগে যাচাই করা জরুরি। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানাতে হবে।”
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জন গ্রেফতারের তথ্য জানিয়ে তিনি বলেন, “অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল এবং অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।”
