৫০ বছরের মধ্যে এবারের হজ ছিল সর্বোত্তম: সৌদি আরব

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, ২০২৫ সালের হজ মৌসুম ছিল ৫০ বছরের মধ্যে সর্বোত্তম। হাজিদের সন্তুষ্টির হার এ বছর বেড়ে ৯১ শতাংশে পৌঁছেছে। যা ২০২২ সালের ৭৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি।

দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে অনুসারে, জেদ্দার সুপারডোমে শুরু হওয়া পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনীতে তিনি এ তথ্য দেন। রাজা সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘মক্কা থেকে বিশ্বে’। এতে ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

মক্কার উপ-আমির প্রিন্স সাউদ বিন মিশআল সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, সৌদি নেতৃত্ব হাজিদের সেবায় সর্বদা নিবেদিত। যাতে তারা শান্তি ও স্বাচ্ছন্দ্যে ইবাদত সম্পন্ন করতে পারেন।

প্রিন্স ফয়সল বিন সালমান জানান, হজ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি মানবতার ঐক্যের প্রতীক। তিনি আরও জানান, হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস ফোরাম উদ্বোধনের ঘোষণা দেন। যা যুগে যুগে হজের ইতিহাস নথিবদ্ধ করবে বলে উল্লেখ করেন।

মন্ত্রী আল-রাবিয়াহ জানান, নতুন হজ মৌসুমের প্রস্তুতি গত মৌসুম শেষ হওয়ার দিন থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে হাজিদের ৬০ শতাংশের চুক্তি সম্পন্ন হয়েছে ও ৫০ শতাংশ হজ স্থানের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, মক্কা ও মদিনার ৭১টি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের উন্নয়ন সম্পন্ন হয়েছে। যা ইতিমধ্যে ৩০ লাখেরও বেশি দর্শনার্থী পরিদর্শন করেছেন ও সন্তুষ্টির হার ৯৫ শতাংশের বেশি।

সম্মেলনের শেষ দিন পর্যন্ত ১৪৩টি সংলাপ সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। যেখানে প্রযুক্তি, সেবা ও হজ ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত