সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

সিলেটে রেললাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলার হাটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়েস্তগ্রামের আবদুল খালিকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার (২২) ও হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁওয়ের ফরিদ উদ্দিন চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী (২০)। তারা সকলেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, শাহজালাল সারকারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে নাশকতার পরিকল্পনা করেছিল। গোপনসূত্রে এমন খবর পেয়ে সোমবার গভীর রাতে ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার সড়কে চেকপোস্ট বসিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা নিয়েছিল তারা। ফেঞ্চুগঞ্জে রেল লাইনের স্লিপার খুলে বড় ধরণের নাশকতা করতে চেয়েছিল। এছাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় ভীতি ছড়ানো ও জানমালের ক্ষতি সাধনের পরিকল্পনা নিয়েছিল।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ নাশকতামূলক কর্মকাণ্ডের বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত