সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স হজ, ওমরাহ ও সাধারণ যাত্রীদের জন্য বিনামূল্যে হাই-স্পিড ওয়াইফাই সেবা চালু করেছে। এখন থেকে যাত্রীরা বিমানে ভ্রমণের সময় ঘণ্টায় ৩০০ মেগাবাইট গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন।
রিয়াদ-জেদ্দা রুটে পরীক্ষামূলক ফ্লাইট এসভি-১০৪৪-এর মাধ্যমে প্রথমবারের মতো এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ফ্লাইটে সৌদি মন্ত্রীরা ৩৫ হাজার ফুট উচ্চতায় ফুটবল ম্যাচ স্ট্রিমিং ও ভিডিও কলে অংশ নিয়ে সেবার মান পরীক্ষা করেন, যা সম্পূর্ণ নির্বিঘ্ন ছিল।
বর্তমানে ২০টি বিমানে এই সেবা চালু রয়েছে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক রুটে, বিশেষ করে হজ ও ওমরাহযাত্রীদের ফ্লাইটে এটি সম্প্রসারিত হবে বলে জানিয়েছে সাউদিয়া কর্তৃপক্ষ।
সাউদিয়া এয়ারলাইন্স ভবিষ্যতে ওয়াইফাই গতি বাড়িয়ে ৮০০ মেগাবাইটে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এই সেবা যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে, যা আকাশপথে ভ্রমণকালীন যোগাযোগ ও বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
