জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন প্রতারণার শামিল: এটিএম আজহার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদের আইনি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন হবে জুলাই আন্দোলনের শহীদ ও জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণার শামিল। ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে একটি যেনতেন নির্বাচন দেশের সমস্যা সমাধানের পথ নয় বলেও তিনি দাবী করেন।  

আমরা সরকারকে বলছি এই মাসের মধ্যে গণভোট দিন। গণভোট নিয়ে তালবাহানা করবেন না। যারা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিসিয়াল হত্যাকাণ্ড করে ভেবেছিল জামায়াতকে নিশ্চিত ভাবে শেষ করে দিয়েছে। কিন্তু জামায়াত আছে, জামায়াত থাকবে ইনশাআল্লাহ। বরং আগের তুলনায় হাজার গুণ বেশী জনপ্রিয় হয়েছে। কিন্তু যারা জামায়াতকে নিষিদ্ধ করে, নেতৃবৃন্দকে হত্যা করে, লাখ লাখ নেতাকর্মীকে জেলে আবদ্ধ রেখে শেষ করে দিতে চেয়েছিল, তারা আজ কোথায়? তিনি বলেন, তারা জানেনা জুলুম নির্যাতন চালিয়ে কোন আদর্শকে শেষ করা যায়না।

বুধবার (১২ নভেম্বর)  বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াত আয়োজিত এক বিরাট পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অন্চল টিম সদস্য ও ফেনী -২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ‌ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এড. এএস‌এম কামাল উদ্দিন। 

ফেনী জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সন্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, শ্রমিক নেতা ফারুক আহমেদ আযাদ, ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক, শহর জামায়াতের আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, সকল রাজনৈতিক দলের সম্মতিতে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে দেশের ইতিহাসে তা যুগান্তকারী ঘটনা। এটি বাস্তবায়িত হলে এর মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং হারানও ভোটের অধিকার ফিরে পাবে। ফলে আগের মত দিনের ভোট রাতে হবে না, ব্যালট বাক্স ছিনতাই করার সুযোগ থাকবে না। এই জন্য জুলাই সনদকে আইনে পরিণত করতে হবে। এর সফল বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ম্যান্ডেট নিতে হবে।

আগামীতে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীকে দেয় তবে শোষণহীন, বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখা হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত পথে সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করব। তিনি আগামী নির্বাচনে দেশ ও সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
 
তিনি বলেন, অনেক দল আর নেতা দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জামায়াত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি বরাদ্দের আমানত জনগণের কল্যাণের কাজেই শুধু ব্যবহার হবে। 

তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে তবে তার আগে সরকারকে অবশ্যই সকল দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্খাকে ধারণ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিকে আগে নিশ্চিত করতে হবে। গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের দ্রুত বিচার দৃশ্যমান করতে হবে। তারা যারা বারবার গণতন্ত্র হত্যা করেছে মানুষের ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে সেই স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার দায়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত