নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রয়েছে। বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে, পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন। তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত ২১২ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৭০ ট্রাক পণ্য।
বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির ঘিরে সকালে বন্দর শ্রমিকদের একাংশ বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করেন।
তারা বলেন, আমরা শ্রমিক। বন্দরের কার্যক্রম বন্ধ হলে আমাদের জীবন-জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই বন্দর সচল রাখার দাবি আমাদের।
ব্যবসায়ীরা বলছেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বাণিজ্য কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ বলেন, প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বেনাপোল স্থলবন্দরে কর্মচাঞ্চল্য বজায় থাকবে এবং শ্রমিকদের কাজের পরিবেশ আরও গতিশীল হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে বন্দরে না ঘটে সেই সে দিক থেকে আমার সকল শ্রমিক ভাইয়েরা সজাগ আছে। নিষিদ্ধ লকডাউনের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
