নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, এটি তাদের স্থানীয় আধিপত্য নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের দূরত্বের ফলেই হয়েছে। এখানে রাজনৈতিক কোনও বিষয় নেই। এটি প্রায় ১২-১৫ বছর ধরে চলে আসছে। সংঘর্ষের সময় দেশীয় ধারালো অস্ত্রসহ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকা আধিপত্য নিয়ে বৃহস্পতিবার উভয়পক্ষ দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষ দা, বটি, টেটা, বল্লমসহ নানা অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষের সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি ককটেল বিস্ফোরন ঘটে। ৫টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।
সংঘর্ষে আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া, হাবিবুল্লাহ মিয়া, পিয়ারিস মিয়া, কামাল হোসেন, জলিল মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে আছমা আক্তার, গিয়াসউদ্দিন মিয়া, হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাবিবুল্লার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানান।
বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংঘর্ষে হামলাকারীরা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ ব্যপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যপারে এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
