কল-টেক্সট করার সুবিধা আনল মেটার স্মার্ট গ্লাসে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৩২ এএম

মেটার স্মার্ট গ্লাস ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনল। কোম্পানি নতুন একটি ‘কুইক কানেক্ট’ ফিচার চালু করেছে, যার মাধ্যমে এক টাচেই প্রিয়জনকে কল বা টেক্সট পাঠানো যাবে। ফিচারটি মেটার ১৯.২ সফটওয়্যার আপডেটের অংশ হিসেবে এখনই ব্যবহার করা যাচ্ছে। আগে স্মার্ট গ্লাসে কোনো কাজ করতে হলে ‘হেই মেটা’ বলে ভয়েস কমান্ড দিতে হতো, যা অনেক ব্যবহারকারীর কাছে প্রকাশ্যে ব্যবহার করা কিছুটা অস্বস্তিকর ছিল। নতুন ফিচারটি সেই নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ‘কুইক কানেক্ট’ ফিচারটি কিছুটা ‘ওকলে মেটা ভ্যানগার্ড’ গ্লাসের ‘অ্যাকশন বাটন’-এর মতো কাজ করে। তবে এটি সীমিত পরিসরে নির্দিষ্ট যোগাযোগের জন্য ব্যবহার যাবে। ব্যবহারকারীরা গ্লাসের ডান পাশের টাচপ্যাডে আঙুল চেপে ধরে রাখলে আগে থেকে নির্ধারিত কোনো কনট্যাক্টে ফোন করা বা মেসেজ পাঠানো যাবে।

এছাড়া মেটা এআই অ্যাপ ব্যবহারকারীকে পছন্দমতো যোগাযোগমাধ্যম বেছে নেওয়ার সুযোগ দেবে। যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বা ফোনের নেটিভ কলিং ও মেসেজিং অ্যাপ। একইভাবে, গ্লাস দিয়ে ছবি বা ভিডিও তোলার পর সেই একই টাচ কমান্ড ব্যবহার করে সেগুলো সঙ্গে সঙ্গে পাঠানোও সম্ভব হবে।

মেটা তাদের সাম্প্রতিক কানেক্ট ইভেন্টে আরও বলেছে, থার্ড পার্টি ডেভেলপাররা ভবিষ্যতে তাদের নিজস্ব ‘ওয়েক ওয়ার্ড’ নির্ধারণ করতে পারবে, যা দিয়ে তাদের অ্যাপ গ্লাসের মাধ্যমে চালানো যাবে। ফলে ভবিষ্যতে ভয়েস কমান্ড ব্যবহারে আরও নমনীয়তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোম্পানি বলছে, সম্পূর্ণভাবে ‘হেই মেটা’ বলা বন্ধ করা আপাতত সম্ভব নয়। তবুও নতুন ‘কুইক কানেক্ট’ ফিচারটি মেসেজ ও কল করা আরও সহজ ও কৌশলী করে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত