জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধতা দেখায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে। এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না। নাসীরুদ্দীনের দাবি, বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম। কিন্তু এই আদেশের মধ্যে দিয়ে আমরা বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটছি। এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে।
এনসিপির এই নেতা বলেন, গণভোটে চারটি 'হ্যাঁ' ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে। এগুলো সরকারকে স্পষ্ট করতে হবে। এরপরই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এই সনদের আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পাইনি। সদিচ্ছা থাকলেও দুইটি দলের কারণে সরকার ভালো কিছু করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংকের ইস্যু বানাবেন না। এমনটা করলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।
দলটির মনোনয়নপত্র বিক্রির প্রসঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত এক হাজার এগারোটি মনোনয়ন বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণির মানুষ ফরম নিচ্ছেন। মানুষের আগ্রহ দেখে ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা তিন হাজার।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গণভোটের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর মর্জির ওপর ছেড়ে দেয়া হয়েছে। অথচ সংস্কারের পুরোপুরি বাস্তবায়ন চেয়েছিলাম।
