রোনালদোর লাল কার্ড বিতর্ক বাড়িয়ে দিল নতুন ভিডিও ফুটেজ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম

২০২৬ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল পর্তুগাল। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার রাতের বিশ্বকাপ বাছাইপর্বে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দলীয় সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা আসলেই লাল কার্ড দেখার মতো কিছু করেছিলেন কিনা সেটা নিয়ে চলছে বিতর্ক। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিল নতুন একটি ভিডিও ফুটেজ।

ম্যাচের ৩৮তম মিনিটে আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শের সঙ্গে বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়েন ৪০ বছর বয়সী রোনালদো। রিপ্লেতে দেখা যায়, ও’শের টানাটানির এক পর্যায়ে রোনালদো হাত ছুঁড়ে ফেলতে গেলে সেটিই “হিংস্র আচরণ” হিসেবে গণ্য করেন রেফারি, এবং কোনো দ্বিধা ছাড়াই দেখান লাল কার্ড। তবে নতুন অ্যাঙ্গেলের ভিডিওতে দেখা গেছে—ও’শে রোনালদোর জার্সি শক্ত করে টানছিলেন এবং ধাক্কাধাক্কির ফলেই ওই ঘটনা ঘটেছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রোনালদোর প্রতিক্রিয়া অতিরিক্ত ছিল কি না? আবার ও’শে কি নাটকীয়ভাবে পড়ে গিয়ে ঘটনাটিকে বড় করে দেখাতে চেয়েছেন? মাঠ ছাড়ার সময় অবশ্য রোনালদো খুব বেশি আপত্তি তুলেননি। সিদ্ধান্ত মেনে নিলেও মুখের অভিব্যক্তিতে হতাশার ছাপ ছিল স্পষ্ট। তবে এই লাল কার্ডের ফলে তিনি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। সেটাই হবে তার শেষ বিশ্বকাপ।

পর্তুগালের পক্ষ থেকে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করা হবে কি না—সেটা এখনো নিশ্চিত করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত