রাজশাহীর বিচারক পুত্র হত্যাকাণ্ডের আসামি ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান রিমাণ্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন লিমন মিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। এরপর তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার দিকে তাকে আদালতে তোলা হয়। রিমাণ্ড মঞ্জুরের পরে আদালত থেকে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে। সেখানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড এবং হত্যাচেষ্টার ঘটনার ব্যাপারে লিমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, আটককৃত অবস্থায় একমাত্র আসামি লিমন মিডিয়ায় কথা বলার ঘটনায় এক এসআই ও তিনজন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার দায়ে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত