নেইমারের জন্য 'দৌড়াতে হলে দৌড়াবেন' কাসেমিরো 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

৩৩ বছর বয়স, টানা দুই বছরে মাত্র ৩০ ম্যাচ—নেইমারের ক্যারিয়ার যেন একদমই ম্লান হয়ে এসেছে। তবু ব্রাজিলের সিনিয়র খেলোয়াড় কাসেমিরোর চোখে নেইমার এখনও অতুলনীয়। তাঁর বিশ্বাস, শারীরিকভাবে প্রস্তুত ও মানসিকভাবে স্থির থাকলে নেইমার 'অন্যান্যদের তুলনায় অনেক এগিয়ে।'

গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, 'আমি অনেক বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি—রোনালদোর সেরা সময়, যখন ছুঁলেই গোল হতো; মদ্রিচ, ক্রুস, মার্সেলো, বেল, বেনজেমা… কিন্তু নেইমারকে তালিকার বাইরে রাখা যায় না। মাঠে তার মান নিয়ে প্রশ্ন তোলা অন্যায়।'

তিনি আরও যোগ করেন, ব্যক্তিগত জীবনে জীবনযাপন যাই হোক, নেইমারের ফুটবলিং কোয়ালিটি এখনও অপ্রতিদ্বন্দ্বী, 'যদি সে ফিট থাকে—শারীরিক ও মানসিকভাবে—তাহলে সবার চেয়ে এগিয়ে। আমি ওর খেলার বড় ভক্ত।'

নেইমারের ম্যাচ–বদলানো ক্ষমতার কথা বলতে গিয়ে কাসেমিরো বলেন, 'ও মুহূর্তেই ম্যাচ পাল্টে দিতে পারে। যদি তাকে সুযোগ করে দিতে আমার বেশি দৌড়াতে হয় বা বেশি খাটতে হয়—আমি তা করব।' উদাহরণ হিসেবে তিনি মেসিকে টেনে আনেন, 'আর্জেন্টিনা ঠিক এটাই করেছে মেসির সঙ্গে। আলভারেজ নেমে এসে পরিশ্রম করেছে, মেসি খেলেছে ফলস নাইন। দল লো-ব্লকে রক্ষণ করেছে, মেসি সামনে দাঁড়িয়ে ছিল—সবাই তাকে সাপোর্ট দিয়েছে।'

গতকাল পালমেইরাসের সঙ্গে ম্যাচে নেইমার খেলেছেন ৯০ মিনিট

বিশ্বকাপ দলে কার্লো আনচেলত্তি শেষপর্যন্ত নেইমারকে রাখবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কাসেমিরো মনে করেন, নেইমারের মতো প্রতিভা অপচয় হওয়ার সুযোগ নেই, 'আমরা তাকে প্রয়োজন করি। তার মান, তার ট্যালেন্ট—এসব নষ্ট করা যাবে না। এখনকার ফুটবলে জিত–হার খুব অল্পের ব্যবধানেই নির্ধারিত হয়। নেইমারের মতো খেলোয়াড়রাই সেই ব্যবধান ভেঙে ম্যাচ জিতিয়ে দিতে পারে।'

পালমেইরাসকে হারানোর ম্যাচে ৯০ মিনিট খেললেন নেইমার

এদিকে, চোট থেকে ফিরে আসা নেইমার পুরো ৯০ মিনিট খেলেছেন ব্রাজিল সিরি আ'র গুরুত্বপূর্ণ ম্যাচে এবং সান্তোস ১-০ গোলে জিতেছে সেই ম্যাচ। শনিবার নিজেদর মাঠ ভিলা বেলমিরোতে পাওয়া এই জয়ে রেলিগেশন জোন থেকে উঠে এসেছে সান্তোস। একই সঙ্গে শীর্ষস্থান হারিয়েছে পালমেইরাস; ফ্ল্যামেঙ্গো উঠে গেছে তালিকার এক নম্বরে। প্রতিযোগিতার আর মাত্র পাঁচ ম্যাচ বাকি।
প্রথমার্ধে সান্তোস এগিয়ে থাকলেও বিরতির পর ম্যাচে আধিপত্য ছিল পালমেইরাসের। তবে শেষ পর্যন্ত নিষ্পত্তি হলো শেষ বলেই। রবিনহো জুনিয়রের হেড পাস থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড রোলহাইজার নিচু শটে জালে বল পাঠান, আর তাতেই মিলল মূল্যবান তিন পয়েন্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত