পাকিস্তানের হায়দ্রাবাদ শহরে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদপত্র ডন জানিয়েছে, শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপর কারখানাটির ধ্বংসাবশেষ থেকে ওই দিন রাতে আরও একটি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ৭ জনে দাঁড়ায়। রোববার দেশটির জরুরি পরিষেবার কর্মকর্তারা নিহতের এ সংখ্যা নিশ্চিত করেন।
পাকিস্তানের উদ্ধারকারী পরিষেবা ১১২২ এর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, লাঘারি গোথ নদী তীরে লতিফাবাদ পুলিশ স্টেশনের বি সেকশন এলাকার আতশবাজি কারখানাটিতে শক্তিশালী বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণের পর কারখানটিতে আগুন ধরে যায়।
ওই মুখপাত্র জানিয়েছেন, কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই ওই এলাকার একটি বাড়িতে আতশবাজি তৈরি হচ্ছিল। ধ্বংসস্তূপের মধ্যে শিশুসহ কারখানাটির কয়েকজন কর্মী আটকা পড়ে আছেন আর তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
ডন জানিয়েছে, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে যাওয়ায় তারা সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। এর আগে করাচির তাজ মেডিকেল কমপ্লেক্সের কাছে এক গুদামে আরেক বিস্ফোরণের ঘটনায় অন্তত ২ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছিলেন।
