বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলে 'এফ' গ্রুপে আজ রবিবার নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামে আর্মেনিয়ার বিপক্ষে। আগের রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এদিন ছিলেন না সিআরসেভেন। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে গেলে বিপদ ঘটতে পারতো। তবে পর্তুগাল বড় (৯-১) ব্যবধানেই হারিয়েছে আর্মেনিয়াকে।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেজ। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষে থেকেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল।
পর্তুগালের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা জয়। তবে দেশটির বিশ্বকাপ বাছাই ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে ২০২৪ সালের ইউরো বাছাই পর্বের ম্যাচে পর্তুগাল ৯-০ তে হারিয়েছিল লুক্সেমবার্গকে। সেটি দেশটির ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। ওই ম্যাচেও ছিলেন না রোনালদো। অর্থাৎ, পর্তুগালের সবচেয়ে বড় দুই জয়ের ম্যাচেই ছিলেন না রোনালদো।
পর্তুগাল প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে পর্তুগিজদের হয়ে গোল করেন রেনাতো ভেগা, গনজালো রামোস, জোয়াও নেভেস (দুটি) ও ব্রুনো ফার্নান্দেজ। প্রথমার্ধে আর্মেনিয়ার হয়ে গোল করেন এদুয়ার্দ।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রুনো। নেভেসও দ্বিতীয়ার্ধে আরও এক গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান ৯-১ করেন ফ্রান্সিসকো কনসেসাও।
এবার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট পর্তুগালের। সব কিছু ঠিক থাকলে রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চ মাতাবেন।
রিয়ার সই 'জাল' করে অভিযোগ, চিঠি তাহলে দিল কে