কুষ্টিয়ায় বালুর চাঁদা তুলতে গিয়ে পদ্মায় নিখোঁজ শ্রমিক দল নেতা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

কুষ্টিয়ায় পদ্মা নদীতে বালুবাহি ট্রলারে চাঁদা তুলতে গিয়ে ওই ট্রলারের ধাক্কাতেই পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু (৫৬)। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজাস্থ পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

তবে ঘটনাস্থলটি যোগাযোগ দুর্গম হওয়ায় বিষয়টি জানাজানি হয়েছে বিকালে। নিখোঁজ ওই শ্রমিক দল নেতার পরিবারের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। নিখোঁজ আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত-মতিয়ার রহমানের ছেলে।

নিখোঁজ আন্নুর ভগ্নিপতি কবির হোসেন টুটুল মুঠোফোনে আলাপকালে জানান, ‘বালুঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে অনেকদিন ধরেই ধাওয়া পাল্টা ধাওয়া এমনটি গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরাই পরিকল্পিত ভাবে আন্নুকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আবেদুর রহমান আন্নু সহ কয়েকজন একটি ছোট নৌকায় করে প্রতিদিনের মতো নদীতে বালুবাহী ট্রলার থেকে টাকা তুলতে যান। তারা পদ্মা নদীর গোপীনাথপুর মৌজা এলাকায় পৌঁছুলে অপর দিক থেকে একটি বড় বালু ভর্তি ট্রলার নৌকা টাকা আদায়কারী ওই ছোট নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ছোট নৌকাটি ডুবে যায়।

এসময় নৌকার মাঝি এবং অন্যরা বালু বোঝাই ট্রলারে উঠে প্রাণ রক্ষা করতে পারলেও শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নু স্রোতের টানে ভেসে যান। তাৎক্ষণিক স্থানীয় ডুবুরিরা আন্নুকের উদ্ধারে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

এবিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মখলেছুর রহমান মুঠোফোনে আলাপকালে বলেন, ‘এ্যাক্সুয়ালি আন্নু ঠিক কি কারণে পদ্মা নদীতে নৌকায় চড়ে কোথায় যাচ্ছিলো সেবিষয়ে আমি খুব বেশিকিছু জানি না। সেখানে বালুর খাজনা আদায়কে কেন্দ্র করে অন্য কোন প্রতিপক্ষের রোষানলে পড়ে এই ঘটনা কিনা তার আমার সঠিক জানা নেই’।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর কুষ্টিয়ার সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরী দল এলে আগামীকাল (সোমবার) সকাল থেকে তল্লাশি শুরু হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন রবিবার রাতে জানান, ‘পদ্মা নদীতে শ্রমিক দলের নেতা নিখোঁজ এমন কোন সংবাদ নিয়ে পুলিশের কাছে কেউ আসেনি বা নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও পুলিশকে কিছু জানানো হয়নি। তবে সন্ধ্যার পর অসমর্থিত সূত্রে লোকমুখে শুনলাম। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত