নাহিদ ইসলাম

শেখ হাসিনার মৃত্যুদণ্ড একমাসের মধ্যে কার্যকর করতে হবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রায় দ্রুত কার্যকর করতে হবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে।

আজ সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমার এই রায়কে স্বাগত জানাই। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, এই রায় যেদিন কার্যকর হবে সেদিন শহীদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাব।

এ সময় তিনি বলেন, আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন। আশা করি, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। আগামী এক মাসের মধ্যে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে।

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ফ্যাসিস্ট সরকারের অধীনে অপরাধে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, মুশফিক উস সালেহীন, মোল্লা মোহাম্মদ ফারুক আহসানসহ অন্য নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত