গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার পর পালানোর সময় একটি অটোরিকশা দখল করে নেয় হামলাকারীরা।

দ্রুতগতিতে না চালানোর কারণে রিকশাচালককে লক্ষ্য করেও গুলি চালায় তারা। আহত চালকের নাম আরিফুল, বয়স প্রায় ২২ বছর।

ঘটনাটি ঘটে সোমবার (সতেরো নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী ১২ নম্বর সেক্টরের বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, তিন থেকে চারজনের একটি দল দোকানের সামনে এসে হঠাৎ গুলি চালায়। 

ছয়–সাতটি গুলির পর মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা গোলাম কিবরিয়া। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুলিবিদ্ধ রিকশাচালক আরিফুল জানান, হামলার পর অস্ত্রধারীরা জোর করে তার রিকশায় উঠে দ্রুতগতিতে চালানোর চাপ দেয়। 

তিনি গতিবেগ বাড়াতে না পারায় হঠাৎ গুলি ছোড়া হয়। তার পিঠের বাঁ পাশে গুলি লাগে। রিকশা থেকে পড়ে গেলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক অটোরিকশাচালককে হাসপাতালে আনা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত