নেদারল্যান্ডসকে বিশ্বকাপে তুললেন প্রিমিয়ার লিগের চার তারকা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

লিথুয়ানিয়াকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে সরাসরি খেলার টিকিট পেয়ে গেছে নেদারল্যান্ডস। ম্যাচের আগেই পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় অরেঞ্জ বাহিনীর কোয়ালিফাই করা ছিল প্রায় নিশ্চিত। দারুণ ফর্মে থাকা দলটি অপরাজিত থেকেই শেষ করল বিশ্বকাপ বাছাইপর্ব।

রটারড্যামে অনুষ্ঠিত ম্যাচে ডাচদের চার গোলই করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে থাকা ফুটবলাররা—যা জাতীয় দলের ইতিহাসে প্রথম ঘটনা। ১৬ মিনিটে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার তিজানি রেইয়ান্ডার্স ঝড়ো এক শটে দলকে এগিয়ে দেন। এরপর লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো পেনাল্টি স্পটে দাঁড়িয়ে ব্যবধান ২–০ করেন।

টটেনহ্যামের তরুণ তারকা জাভি সিমন্স দারুণ এক প্রচেষ্টায় তৃতীয় গোল করেন। শেষ দিকে অ্যাস্টন ভিলার ডনিয়েল মালেন একক নৈপুণ্যে গোল করে জয় নিশ্চিত করেন ৪–০ ব্যবধানে। গ্রুপে দ্বিতীয় থাকা পোল্যান্ড মাল্টাকে ৩–২ গোলে হারালেও সরাসরি বিশ্বকাপে যাওয়া হলো না তাদের; এখন প্লে–অফেই তাদের ভাগ্য নির্ধারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত