দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবের শাড়ি চাওয়াকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে স্ত্রীর হাতে থাকা বসার পিঁড়ার আঘাতে স্বামী হাফিজুল ইসলাম (৬৫) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ স্ত্রী রেহেনা বেগম (৪০) কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত হাফিজুল ইসলাম ঐ গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। নিহত হাফিজুল ইসলাম গ্রামগঞ্জে ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবান্ন উৎসব উপলক্ষে মঙ্গলবার সকালে স্ত্রী রেহেনা বেগম স্বামী হাফিজুল ইসলামের কাছে নতুন শাড়ি নেয়ার আবদার করেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রেহেনা বেগম বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেহেনা বেগম নিহত হাফিজুল ইসলামের ৪র্থ স্ত্রী ছিলেন এবং দুই মাস পূর্বে তাদের বিয়ে হয়েছে বলে জানা যায়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে এবং উপজেলা স্বাস্থ্য য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
