তারেকের আমজনতার দলসহ ৭ দল ইসির পুনর্বিবেচনায়

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের নেতা তারেক রহমানের আমজনতার দলসহ ৭টি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অভিযোগ আসায় ডেসটিনি গ্রুপের রফিকুল আমিনের দল আম জনগণ পার্টির নিবন্ধন আটকে আছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করে। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবি-আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিষয়ে কোনো মতামত পাইনি। তাই দুই দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে।

ইসি সচিব বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দলের তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এদের তদন্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত