টাঙ্গাইলের সখীপুরে ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম (৫৮) দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। একই সঙ্গে মানসিক অস্থিরতায়ও ভুগছিলেন তিনি। অন্যদিকে তার ২৬ বছরের প্রতিবন্ধী মেয়ে সাজেদা আক্তারও গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক চাপে মঙ্গলবার গভীর রাতে প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন শাহনাজ বেগম। এরপর নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, মা ও মেয়ের অসুস্থতা এবং পারিবারিক সংকটের কারণে শাহনাজ বেগম গভীর মানসিক চাপে ছিলেন। সেই হতাশা থেকেই তিনি এমন চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই জনই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘটনাটি ঘটেছে।
