অনিয়মের অভিযোগে মিস ইউনিভার্সের দুই বিচারকের পদত্যাগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হচ্ছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিন্যালে। এর আগেই বড় অঘটন। প্রতিযোগিতার নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ বলে অভিযোগ উঠেছে।  যার কারণে লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ আট সদস্যের জুরি বোর্ড থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। ইনস্টাগ্রামে দেয়া ঘোষণা পোস্টে পোস্টে তিনি দাবি করেন, প্রতিযোগিতা শুরুর আগে থেকেই একটি ‘জুরি দল’ ফাইনালিস্ট বেছে রেখেছে। হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে। তবে পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন তিনি। 

হারফুশ তার পোস্টে লেখেন, ‘১৩৬ দেশের প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জন ফাইনালিস্ট বাছাইয়ের জন্য একটি অনানুষ্ঠানিক জুরি গঠন করা হয়েছে। এ দলের সিদ্ধান্ত নেয়ার সময় আমাদের আসল আট সদস্যের জুরির কেউই উপস্থিত ছিলেন না, আমিও না। আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে হতবাক হয়েছি।’ 

তিনি দাবি করেন, অনানুষ্ঠানিক কমিটিতে এমন ব্যক্তিরা রয়েছেন যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তবে এ অনানুষ্ঠানিক জুরি কীভাবে কাজ করছে বা কীভাবে তারা আসল জুরির ভূমিকা অকার্যকর করছে সে বিষয়ে ব্যাখ্যা করেননি হারফুশ। 

তবে হারফুশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মিস ইউনিভার্স কর্তপক্ষ। তারা জানিয়েছে, কোনো বাইরের দলকে প্রতিযোগীদের মূল্যায়ন বা ফাইনালিস্ট বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়নি। সংগঠনের মতে, হারফুশ হয়তো ‘বিয়ন্ড দ্য ক্রাউন’ নামে একটি কর্মসূচিকে অনানুষ্ঠানিক জুরি ভেবে ভুলভাবে ব্যাখা করছেন। এটি মূল প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ আলাদা একটি সামাজিক উদ্যোগ। এর নিজস্ব নির্বাচন কমিটি রয়েছে। সোমবারই এই বিয়ন্ড দ্য ক্রাউন কমিটির ঘোষণা করেছে মিস ইউনিভার্স সংগঠন। 

অন্যদিকে মাকেলেলে পদত্যাগের ঘোষণা দিয়ে লেখেন, এটি তার জন্য ‘কঠিন সিদ্ধান্ত’। মিস ইউনিভার্স প্ল্যাটফর্ম ক্ষমতায়ন, বৈচিত্র্য ও উৎকর্ষের প্রতীক উল্লেক করে তিনি বলেন, এসব মূল্যবোধ আমি সবসময় লালন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত