২০০৬ সালে জুলেইকা রিভেরার পর ঠিক ২০ বছর পর আবারও পুয়ের্তো রিকোর ঘরে ফিরল মিস ইউনিভার্সের মুকুট। নিজ দেশের মাটিতেই ইতিহাস গড়ায় আনন্দে ভাসছেন জেনিফার ব্যারেটো। ৭৫তম ‘মিস ইউনিভার্স’-এর জমকালো আসরে বিশ্বসুন্দরীর কাঙ্ক্ষিত মুকুট জিতে নিলেন ২৭ বছর বয়সী এই পুয়ের্তো রিকান তরুণী। নিজ দেশ পুয়ের্তো রিকোর দর্শকদের তুমুল করতালির মাঝে ষষ্ঠবারের মতো দেশটির ঘরে এই গৌরবময় শিরোপা ফিরিয়ে আনলেন তিনি।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে সেরার মুকুট জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশ নেওয়ার সুযোগ না থাকলেও ২০২৩ সাল থেকে নিয়মে পরিবর্তন আসে এবং পরের বছর তুলে দেওয়া হয় প্রতিযোগীদের বয়সের ঊর্ধ্বসীমাও।
এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
জেনিফারের এই জয় কেবল রূপের নয়, বরং মেধা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। অবিশ্বাস্য হলেও সত্যি, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’-তে নাম লেখানোর আগে জীবনে কখনো কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেননি তিনি। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম নেওয়া জেনিফার বেড়ে উঠেছেন ইসাবেলায়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত সার্জেন্ট ইয়ান কার্লোস ব্যারেটোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকার ২০১৯ সালে কন্যাসন্তান পেনেলোপের জন্ম হয়।
মনস্তত্ত্ব ও সমাজকর্মে ডাবল মাস্টার্স ডিগ্রিধারী জেনিফার ২০২১ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর অধীনে ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ ক্রাইসিস রেসপন্ডার হিসেবে কাজ করেছেন। পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন ও আত্মহত্যা প্রতিরোধে কাজ করা এই তরুণী চেয়েছিলেন নিজের মানবসেবার পরিধিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে, আর সেই লক্ষ্যই তাকে এনে দিল বিশ্বসেরার মুকুট।
চূড়ান্ত পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মানুষের কোন মূল্যবোধ ধরে রাখা জরুরি? এমন প্রশ্নের জবাবে জেনিফার বলেন, প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে, তবে তা যেন কখনোই মানুষের নিজস্ব মূল্যবোধ ও মানবিকতাকে গ্রাস না করে। পাশাপাশি নেতাদের উদ্দেশে তার বার্তা ছিল, মানুষের কথা মন দিয়ে শোনা এবং উদাহরণ তৈরি করে সমাজকে এগিয়ে নেওয়া। বিশ্বজুড়ে কোটি নারীর উদ্দেশে নতুন মিস ইউনিভার্সের আহ্বান, নিজের ওপর বিশ্বাস রাখতে এবং সমাজের বেঁধে দেওয়া তথাকথিত ‘নিখুঁত ছাঁচে’ নিজেকে না ফেলে নিজের স্বকীয়তা দিয়ে স্মরণীয় হয়ে উঠতে।