বয়সভিত্তিক ক্রিকেট সংগঠক ও ক্রিকেটারদের নিয়ে এক মতবিনিময় সভা বুধবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।
বিশেষ অতিথি ছিলেন বিসিবির পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম এবং বিসিবির অ্যাম্পায়ার শাকিল।
সভায় ক্রিকেটার ও তাদের অভিভাবকরা বক্তব্য দেন। এছাড়া বিসিবির কাউন্সিলর আবু কায়েস এবং জেলা ক্রিকেট কোচ কাজী জাহিদও বক্তব্য রাখেন।
বক্তারা জানান, বয়সভিত্তিক ক্রিকেট চালু করা এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ আকবর বলেন, “আমরা চেষ্টা করছি জেলা পর্যায়ে শক্তিশালী ক্রিকেট সংস্থা গড়ে তোলার। মাদ্রাসা শিক্ষার্থীদেরও এতে সংযুক্ত করা হবে এবং উপজেলা পর্যায়ে কোচ তৈরি করা হবে। প্রিমিলা টিমের জন্য তালিকা প্রদান করতে হবে।
শিশুদের ইতিবাচকভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিপথগামী না হয়। ক্রিকেটের উন্নয়ন করার জন্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। আমাদের লক্ষ্য, ক্রিকেটকে আট মাসের ক্যালেন্ডারে নিয়মিত রাখতে এবং নিয়মিত কোচিং চালু রাখতে হবে।
ক্রিকেট একটি চমৎকার ও বৈজ্ঞানিক খেলা। আমরা আশা করছি, ক্রিকেটকে দেশের ক্রীড়াজগতে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে পারব।”
