রাজধানীর পৃথক দুটি ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত ১০টায় রামপুরা টিভি সেন্টারের সামনে যাত্রীবাহী ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অন্যদিকে গতকাল রাত ৮টায় পল্লবী থানার সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রামপুরা টিভি সেন্টারের সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
এদিকে পল্লবী থানার সামনে দুর্বৃত্তদের নিক্ষেপ করা দুটি ককটেল বিস্ফোরণে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এসআই আসাদ। তিনি জানান, বিস্ফোরণে আহত হয়েছেন এএসআই নুরুল ইসলাম। তিনি স্থানীয় কিংস্টন হাসপাতালে চিকিৎসাধীন।
