পাথরে ফুল ফোটাবেন ইমরান-ন্যান্সি!

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

এবার অনুপম মিউজিক নতুন করে নিয়ে আসছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের দ্বিতীয় ভার্সন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল ‌‘আমি পাথরে ফুল ফোটাব’। গেয়েছিলেন এন্ড্রু কিশোর। মিল্টন খন্দকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন আলম খানের। নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানের প্রথম দুই লাইন। তাই গানের শিরোনামও দেওয়া হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। ‘শেষ ঠিকানা’ সিনেমায় এন্ড্রু কিশোর একা গাইলেও নতুন আয়োজনে গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। গান লিখেছেন আহমেদ রিজভী। সংগীত করেছেন ইমরান। ইতিমধ্যে ইমরানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং। 

ইমরান মাহমুদুল বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাব’ একটি জনপ্রিয় গান। সেই গানের হুক লাইনটি ব্যবহার করে নতুন করে লেখা হয়েছে। এই গান দিয়ে অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গাইলাম। শেষ আমরা দুজনে গেয়েছিলাম ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটি। আশা করছি নতুন গানটিও সবার ভালো লাগবে। 

‘শেষ ঠিকানা’ সিনেমায় ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অমিত হাসান। তার সঙ্গে ছিলেন শাবনূর। এবারও বড় আয়োজনে মালয়েশিয়াতে হবে গানের ভিডিওর শুটিং। বানাবেন সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে হবে শুটিং। তার আগেই চূড়ান্ত করা হবে গানের মডেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত