রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থীর ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ২টার সময় তারা অবরোধ স্থগিত করেন। পরবর্তী ৯ ঘণ্টার মধ্যে তাদের দাবি আদায় না হলে আবারও অবরোধ কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন ‘কাজলা ক্যান্টিনে’ খাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। মুখে কাপড় বেঁধে ও মাথায় হেলমেট পরে দুর্বৃত্তরা ক্যান্টিনের কয়েকজনকে মারধর করে। একপর্যায়ে তারা দুই শিক্ষার্থীকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরা হলেন রাবির ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র আল ফারাবী ও ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী তাহমিদ আহমেদ বখশী। এদের মধ্যে আল ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবির মাদার বখশ হল শাখার নেতা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন তিনি। দুর্বৃত্তরা দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার পর বেধড়ক মারধর করে দুটি পৃথক স্থানে ফেলে রেখে যায়।
হামলার শিকার ফারাবী জানান, গত বুধবার রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে খাচ্ছিলেন তিনিসহ কয়েকজন। হঠাৎ মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে কয়েকজন সেখানে গিয়ে ফারাবীকে খোঁজে। একপর্যায়ে তারা ফারাবী ও বখশীকে মারধর করে সেখান থেকে তুলে নিয়ে যায়। বাইরে নিয়ে গিয়ে আরও মারধর করে তাদের ছেড়ে দেয়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর এলাকার বেতার মাঠ এবং বখশীকে রাবির হবিবুর রহমান হলের সামনের থেকে উদ্ধার করা হয়। পরে ফারাবীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীদের দাবি তিনটি হলো ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার, কাজলা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া। এসব দাবিতে গতকাল দুপুরে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। রাস্তা ব্যারিকেড দেওয়ায় এ পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প পথে রাজশাহী থেকে সব জেলায় বাস চলাচল চালু ছিল।
ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ফারাবীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ফারাবীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, পুলিশ হামলাকারীদের খুঁজতে মাঠে কাজ করছে। এরই মধ্যে কয়েকজনকে চিহ্নিত করাও সম্ভব হয়েছে। খুব শিগগিরই হামলাকারীরা ধরা পড়বে বলেও আশা তার।
