মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা নুরুদ্দিন, তিনি মাদারীপুর-১ (শিবচর) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশী। গতকাল শনিবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি শিবচর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় আকারের গাড়িবহর এবং সহস্রাধিক দলীয় কর্মীর বিশাল সমাবেশ নিয়ে গণসংযোগ ও ভোটের প্রচার চালান। কাঠালবাড়ী ইউনিয়ন থেকে শুরু করে কুতুবপুর ইউনিয়ন, এরপর মাদবরেরচর ও পাচ্চঁর ইউনিয়ন পেরিয়ে তিনি পুরো পৌরসভা এলাকায় সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তব্য দিতে গিয়ে কামাল জামান মোল্লা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছেন। কুচক্রী মহলের চক্রান্তের কারণে তা আপাতত স্থগিত আছে। কিন্তু নমিনেশন আমার কাছেই আছে। দল আমাকে কাজ করে যেতে বলেছে। আমি দলের নির্দেশনা ও মানুষের ভালোবাসায় দিনরাত কাজ করে যাচ্ছি। শিবচর আমার জন্মভূমি। আমি এখানেই জন্মগ্রহণ করেছি। এখানের সবকিছু আমার আত্মার সঙ্গে মিশে আছে। এ উপজেলা আমার প্রাণ।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এবং আমার দল নির্বাচনমুখী। শিবচরে যতই গ্রুপিং থাকুক সবাই বিএনপি পরিবার। বিএনপির জন্য দলের নেতাকর্মীরা নিবেদিত প্রাণ। আমি সবাইকে এক কাতারে এনেছি এবং আনছি। সবাইকে নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি উৎসমুখর নির্বাচন করবো।’
এদিনের কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু, পৌর সদস্য মাহবুব মাদবর, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারী, যুবদল নেতা জসিম মৃধা, শাহিন গোমস্তা, পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আতাহার হোসেন, কাজী খোকন, অনিক শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না: নাহিদ ইসলাম