দিনাজপুরের বীরগঞ্জে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মহিদুল ইসলামকে (২৪) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। রোববার বিকেল সাড়ে ৩টায় র্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার অষ্টধার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিদুল ইসলাম শেরপুর জেলার নকলা থানার ছাইলামপুর (টাংগাইলপাড়া) চাঁন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি তার নানার বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে গ্রেফতার আসামি তার অপকর্ম ঢাকতে ভিকটিমকে বাড়িতে নিয়ে বিবাহবহির্ভূত সংসার করে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম প্রতারণার বিয়টি বুঝতে পেরে বিয়ের কথা বললে তিনি কালক্ষেপণ করতে থাকেন। ভিকটিম তার পিতা-মাতাসহ আত্মীয় স্বজনদের বিষয়টি সম্পর্কে অবগত করেন। তারা আসামির বাড়িতে গিয়ে ভিকটিমের সাথে বিয়ের প্রস্তাব প্রদান করলে আসামির পিতা-মাতা বিষয়টি প্রত্যাখান করেন এবং তাদের সাথে খারাপ আচরণ করেন। পরে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভিকটিম নিজে বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণপূর্বক ধর্ষণের একটি মামলা দায়ের করেন।
