কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলী নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকালেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ফাহমিদা আজিম কাকলী (৪৫) কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, একই সঙ্গে নগর মাতৃসদন, কুমিল্লায় কনসালট্যান্টে দায়িত্বে ছিলেন ।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন কাকলী। ধীরে ধীরে তাঁর কিডনি ও লিভারের জটিলতা বাড়তে থাকে। অবস্থার অবনতি হলে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই রক্তচাপ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ করে রোববার সকালে তিনি মারা যান।
বড় ভাই পলাশ জানান, কাকলীর মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার একমাত্র মেয়ে তুর্না দেশে ফিরলে তাকে দাফন করা হবে।
