খুলনা

সিন্ডিকেট রুখতে আন্দোলনে মোবাইল ব্যবসায়ীরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

খুলনায় মোবাইল হ্যান্ডসেটের বাজার সিন্ডিকেট রুখতে দোকান বন্ধ করে আন্দোলনে নেমেছেন ব্যবসায়ীরা। এর অংশ হিসেবে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে মানববন্ধন করে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

মানববন্ধনে বক্তরা বলেন, দেশের ৭০ শতাংশ ব্যবসায়ীকে বাদ দিয়ে মাত্র ৩০ শতাংশ প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করতে চাইছে একটি চক্র। দেশের মোবাইল বাজার বর্তমানে মাত্র ৮-৯ জন লাইসেন্সধারীর হাতে কেন্দ্রীভূত। ২০ কোটি মানুষের দেশে মোবাইল ব্যবসার লাইসেন্স এত অল্পসংখ্যক ব্যক্তির হাতে থাকা অযৌক্তিক। বাজারের ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে লাইসেন্স সংখ্যা অন্তত পাঁচ হাজারে উন্নীত করতে হবে। 

খুলনা মহানগর মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন প্রমুখ।

দেশে মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ ও ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর উদ্যোগকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘বিপর্যয় ডেকে আনা সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি, এই নীতি কার্যকর হলে দেশের কোটি মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে, দাম  লাগামহীনভাবে বৃদ্ধি পাবে এবং পুরো মোবাইল খাত ধ্বংসের মুখে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত