মাদুরোকে সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে ঘোষণা করেছে মার্কিন ট্রাম্প প্রশাসন। 

সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, কার্টেল দে লস সোলেস নামের যে নেটওয়ার্কটিকে দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত বলে অভিযোগ করা হয়, সেটিকেই এই তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

নতুন এই সিদ্ধান্তে মাদুরোর সম্পদ, অবকাঠামো ও সমর্থকদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি হলেও সরাসরি সামরিক হামলার অনুমোদন নেই। তবুও ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে—এই পদক্ষেপ তাদের সামরিক বিকল্পগুলোকে শক্তিশালী করতে পারে।

এ ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে বড় ধরনের বাহিনী মোতায়েন করেছে এবং মাদকবিরোধী অভিযানে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন।

হোয়াইট হাউস বলছে, তাদের মূল লক্ষ্য মাদক ও অবৈধ অভিবাসন রোধ করা; তবে চাপের মুখে মাদুরো সরকারের পরিবর্তনও ঘটতে পারে। অন্যদিকে, ট্রাম্প প্রয়োজন হলে মাদুরোর সঙ্গে আলোচনার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত