প্রশান্ত মহাসাগরের পূর্বাংশ ও ক্যারিবীয় সাগরে পরিচালিত তিনটি হামলায় ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করা হয়।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সাউথকম জানায় যে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার মনোনীত সন্ত্রাসী সংগঠন পরিচালিত তিনটি জাহাজে তিনটি সরাসরি সামরিক হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, সাউথকমের কমান্ডার জেনারেল ফ্রান্সিস ডোনোভানের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজগুলো পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল এবং সরাসরি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।
এছাড়াও বিবৃতিতে বলা হয়, পূর্ব প্রশান্ত মহাসাগরে থাকা প্রথম দুটি জাহাজে চারজন করে মোট আটজন নিহত হন। আর ক্যারিবীয় সাগরে তৃতীয় জাহাজে নিহত হন তিনজন। অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনাসদস্য হতাহত হননি বলেও জানানো হয়েছে।
গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সামরিক তৎপরতা জোরদার করেছে। এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪০টি হামলায় ১৪৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার সরকার পতন ও সাবেক প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর থেকে দেশটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র নিয়মিত এসব সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে তেলবাহী ট্যাংকার অবরোধ, জাহাজ জব্দ এবং ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি।
