বাঁকখালীর মোহনায় মিয়ানমারে পাচারকালে পণ্যসহ আটক ৯

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরে ট্রলারযোগে মাদকের বিনিময়ে মিয়ানমারে বিভিন্ন পণ্য পাচারকালে ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিয়াম-উল-হক।

আটকরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সোমবার বিকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সাগরে মাছ ধরার একটি ট্রলারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়া কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে ট্রলারে থাকা লোকজন দ্রুত পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা হয়।

‘পরে ট্রলারে জেলের ছদ্মবেশে থাকা ৯ জনকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় ২৯ বস্তা ময়দা, ২৮ হাজারটি গ্যাস লাইটার, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রঁসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা সার ও ৯৬ বোতল সয়াবিন তেল। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।’

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, ‘আটকরা জানিয়েছে, সাগরপথে ট্রলার যোগে এসব পণ্য মিয়ানমারে পাচার করছিল। আর এসব পণ্যের বিনিময়ে দেশটি থেকে মাদকের চালান নিয়ে আসার কথা ছিল।’

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কমান্ডার সিয়াম-উল-হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত