জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, আলোচনার বিষয়বস্তু ছিল মূলত নির্বাচনকে ঘিরে। আপনারা এটাও জানেন যে আমাদের প্রবাসী যে ভোটাররা আছেন তাদের নিবন্ধন শুরু হয়েছে। প্রবাসীদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছিলাম। আমরা বেগম খালেদা জিয়া বিএনপির বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে সমন্বয় করে বিএনপির ৩১ দফা দাবির মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত করেছি। সেসময় অন্যদের এই দাবি ছিল না।
তিনি বলেন, যেহতু সরকার আমাদের এই দাবি বাস্তাবয়ন করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে তাই সাধুবাদ জানাই। তবে যে দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি বিশেষ করে সৌদি আর বা ইউএই’র মতো দেশের এমন কিছু জায়গায় বাংলাদেশিরা থাকেন যেখান থেকে ভোটার নিবন্ধন করাটা বেশ কঠিন। যেসব জায়গায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি এবং যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য অসুবিধার কারণে নিবন্ধন করা কঠিন সেসব জায়গায় যেন নিবন্ধনের সময় বাড়ানো হয় আমরা সে বিষয় বৈঠকে জানিয়েছি। যেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন যারা বাদ পড়বে বা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না তাদেরকে নিবন্ধিত হওয়ার সুযোগ দেওয়া হবে।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
