প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করছি।
বুধবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, প্রতিটি আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন-শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা আলাদা ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে বলে মনে করি না। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন (ইসি) আমলে নিয়েছে জানিয়ে সিইসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।
সিইসি বলেন, সেনাবাহিনী প্লাটুন আকারে মোতায়েন হয়ে থাকে; তাই প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তবে, নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর ঝুঁকি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করবে।
সিইসি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল-এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী সাতটি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে তারা। ভোটগ্রহণ উপলক্ষে ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করার কথা রয়েছে সংস্থাটির।
