লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল বুধবার (২৬ নভেম্বর) বিশেষ ফ্লাইটে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন–১৬)-এর অধীনে লেবাননে মোতায়েন থাকা নৌবাহিনীর জাহাজ বানৌজা সংগ্রাম-এ যোগ দেবেন।
বিদায়ের প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম. আশরাফুল আলম লেবাননগামী নৌসদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্য বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ব্যানকন–১৫ (ইউনিফিল)-এর ১১০ জন নৌসদস্য দেশে ফিরে আসবেন।
২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত রয়েছে।
বর্তমানে মোতায়েন থাকা বানৌজা সংগ্রাম লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ রোধে দক্ষতার সঙ্গে কাজ করছে।
এছাড়া লেবানিজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফট পর্যবেক্ষণ, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার কার্যক্রম, লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।
