ময়মনসিংহে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

ময়মনসিংহে নগরীর নিরাময় ক্লিনিকে ভুল চিকিৎসায় রেখা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার জানিয়েছে, রেখা আক্তার মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সিজারিয়ান অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি হন। সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হওয়ার পরও কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

নিহতের বড় ভাই নূর ইসলাম কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ নিরাময় ক্লিনিকের মালিক ডা. মুমিনুর রহমান জিন্নাহসহ পাঁচজনকে আটক করে। তবে ক্লিনিক মালিক সমিতির সঙ্গে পারিবারিকভাবে পাঁচ লাখ টাকায় সমঝোতা হওয়ায় মামলাটি তুলে নেওয়া হয়।

নিহতের বড় ভাই নূর ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার বোন অপারেশনের আগেও হাসি-খুশি ছিলেন। অপারেশনের পরেই তার মৃত্যু হলো, যার জন্য আমি ভুল চিকিৎসাকেই দায়ী করি।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, নিহতের মৃত্যুর সত্যতা নিশ্চিত হওয়ায় ক্লিনিকের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছিল। তবে পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে ক্লিনিক বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত