সম্প্রতি বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় নির্বাচনে উপদেষ্টাদের অংশগ্রহণ কিংবা বাউলদের নিয়ে কোনও আলোচনা হয়নি। তাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই হামলা হয়েছে, সেখানে তারা খুব সাঁড়াশি অভিজান করছে— খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেসসচিব বলেন, যে রোহিঙ্গা সংকট একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।
সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন বলে মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, এতে বাস্তব কাজ হয়নি। বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।
