সড়কের অভাবে অকেজো দেড় কোটি টাকার সেতু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের পুরাতন বাজারসংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটি সংযোগ সড়কের অভাবে স্থানীয় জনগণের কোনো কাজে আসছে না। সেতু থাকা সত্ত্বেও বাজারের ব্যবসায়ী, ক্রেতাসহ হাজারো মানুষের যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আওতায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান মুনমুন কনস্ট্রাকশন ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের শেষের দিকে এ সেতুর নির্মাণকাজ শুরু করে ২০২৩ সালের জুন মাসে সমাপ্ত করে। এরপর প্রায় সাড়ে ৩ বছর অতিবাহিত হলেও সেতুর দুপাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি জনগণের কোনো উপকারে আসছে না।

ব্যবসায়ীরা জানান, সেতু নির্মাণ হওয়ায় তাদের আশা ছিল, ভোগান্তি দূর হবে। কিন্তু এখন উল্টো তাদের দুর্ভোগ বেড়েছে। মাটির রাস্তা দিয়ে সেতুতে উঠতে গিয়ে অনেক সময় শিশু ও শিক্ষার্থীরা ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। বয়স্ক মানুষ কারও সাহায্য ছাড়া সেতুতে উঠতে পারছে না। আবার কারও সাহায্য নিয়ে পার হতেও খুব কষ্ট হয়। সেতুর দুই পাড়েই রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়। তারা বলেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেতুর সংযোগ সড়ক করার কথা ছিল। কিন্তু পতিত সরকারের ঠিকাদার সংযোগ সড়ক ও খালের মাঝ বরাবর মাটি অপসারণ না করে কাজে গড়িমসি করলেও সেই প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করেনি। এরপর দেশে ৫ আগস্ট এলে ঠিকাদার পালিয়ে যান।

ক্রেতা ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, দেড় কোটি টাকার বেশি অর্থব্যয়ে সেতু নির্মাণ করা হলেও এর সুফল পাচ্ছেন না এলাকাবাসী। ফলে কাঁচাবাজারে মালামাল নিয়ে অনেক দূরের পথ ঘুরে কষ্ট করে আসতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। খালটির উভয় পাশে রয়েছে পিচঢালা পাকা রাস্তা কিন্তু সংযোগ সড়ক না থাকায় ক্রেতারা বাজার করে রিকশা বা ভ্যানে করে বাড়ি যেতে পারছেন না। চলাচলের যোগ্য পুরাতন সেতু ভেঙে ওই সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের শুরু থেকে প্রায় চার বছর ধরে এ দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।

রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনামুল হোসেন খান বলেন, দক্ষিণ পাড়ে কাঁচাবাজারসহ উভয় পাড়ে স্থায়ী মার্কেট থাকায় এটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি পারাপার হচ্ছেন। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করায় মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

রাজাপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ‘ঠিকাদারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দু-এক দিনের মধ্যেই সড়ক নির্মাণের জন্য মালামাল পাঠাবেন এবং সপ্তাহখানেকের মধ্যে সেতুর উভয় পাড়ে সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত