জানালেন আমির

ক্ষমতায় গেলে বিএনপিসহ সব দল নিয়ে সরকার গঠন করবে জামায়াত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত ক্ষমতায় গেলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

আজ শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসন আয়োজিত এক যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে, তারা জাতির দুশমন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই।

এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব। আপনারাও আমাদের সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদের সাথে নিয়েই আমরা দেশ গড়ব।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই উল্লেখ করা তিনি আরও বলেন, দেশের ভিতরে আমরা মহাজির ছিলাম। দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম। বুকে জড়িয়ে এখানেই ছিলাম। জেল বরণ করেছি। জীবন দিয়েছি। কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত