মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর চামটা এলাকায় জাকির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দু’জন হলেন— চর চান্দহরের সানোয়ার ওরফে সানু (৪০) এবং কেরানীগঞ্জের মালকিহাটি এলাকার আরিফ (৪০)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম।
পুলিশ জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে জাকিরকে হত্যা করা হয়েছে। নিহত জাকিরসহ গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে।
গত ২৫ নভেম্বর গভীর রাতে চর চামটা আনন্দবাজার সংলগ্ন কাঁচা রাস্তা থেকে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সকালে স্ত্রী মরদেহ শনাক্ত করেন। ২৭ নভেম্বর নিহতের স্ত্রী সানোয়ারা তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পরদিনই পুলিশ অভিযান চালিয়ে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
