সিসিইউতে খালেদা জিয়া, বাইরে অপেক্ষায় নেতাকর্মীরা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণজনিত জটিলতা দেখা দেওয়ার পর তাঁকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় দলের নেতাদের পাশাপাশি বহু কর্মীও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খবর নিচ্ছেন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে পৌঁছান। একই সময়ে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার গাড়ি হাসপাতালের সামনে প্রবেশ করতে দেখা যায়। বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীও বাইরে অপেক্ষা করছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল শুধু চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট জানা। ঘটনাস্থলে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিকেও দেখা গেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকদের মতে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরেই হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন যে তাঁর ফুসফুস ও হৃদ্‌যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে।

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন থাকার পর গত ৬ মে দেশে ফেরেন। ফেরার পর থেকে তাঁকে বিভিন্ন সময়ে নানা শারীরিক জটিলতার কারণে হাসপাতালে যেতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত