আজ ২৯ নভেম্বর পঞ্চগড় মুক্ত দিবস। জেলা প্রশাসন এ উপলক্ষে নানা আয়োজন করেছে, যার মধ্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন বিশেষভাবে উল্লেখযোগ্য।
আজ শনিবার (২৯ নভেম্বর) সকালে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বধ্যভূমি স্মৃতি ফলক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পুনরায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এরপর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিভিলে সার্জন ডা. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি আব্দুল বারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী।
বীর মুক্তিযোদ্ধা এম. আলাউদ্দিন প্রধান জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী সারাদেশে আক্রমণ চালালেও পঞ্চগড় ১৬ এপ্রিল পর্যন্ত মুক্ত ছিল। পাকবাহিনী সড়ক পথে এসে ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় দখল করে। তবে তেঁতুলিয়া সড়কের অমরখানায় চাওয়াই নদীর ওপর একটি ব্রিজ ভাঙার কারণে পাক সেনারা তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। মুক্তিযুদ্ধ চলাকালীন তেঁতুলিয়া পুরোপুরি মুক্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল। অস্থায়ী সরকারের গুরুত্বপূর্ণ অনেক সভা তেঁতুলিয়াতেই অনুষ্ঠিত হয়েছিল।
১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে আক্রমণ শুরু করে। এর ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা মুক্ত হতে থাকে। ধারাবাহিকভাবে পাক বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া, ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর, ধামোর মুক্ত হয়। ২৮ নভেম্বর রাতের দিকে পাকবাহিনী পঞ্চগড়ের দেবীগঞ্জ ও নীলফামারীর ডোমার হয়ে সৈয়দপুরের দিকে পিছু হটতে বাধ্য হয়। অবশেষে ২৯ নভেম্বর ভোরে পঞ্চগড় সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়।
‘অধ্যায় এখনো শেষ হয়নি’ -মেসির বার্সা প্রত্যাবর্তন নিয়ে আগুয়েরো
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা