২ দিনের ব্যবধানে হিলিতে কাঁচামরিচের দাম কমল কেজিতে ৭০ টাকা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা। দুদিন পূর্বে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহের ধারা এমন থাকলে দাম আরো কমবে দাবি বিক্রেতাদের।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আইয়ুব আলী বলেন, দুদিন আগেও কাঁচামরিচ কিনেছিলাম ১৪০ টাকা কেজি দরে। আজ কাঁচামরিচ কিনতে এসে দাম কমে অর্ধেকে নেমে এসেছে। বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এতে করে আমাদের সুবিধা হয়েছে।

কাঁচামরিচ কিনতে আসা শিউলি আকতার বলেন, আসলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে আমাদের বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের সীমিত আয়ের মধ্যে হিসাব করে চলতে হয়। কাঁচামরিচের বাড়তি দামের কারণে পরিমাণ কমিয়ে কিনতে হচ্ছিল। এখন আবারো কাঁচামরিচের দাম কমে আসায় আমাদের সুবিধা হয়েছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশীয় কাঁচামরিচের সরবরাহ ভালো থাকায় বেশ কিছুদিন ধরেই এর দাম স্থিতিশীল ছিল। কিন্তু মাঝে বৃষ্টিপাত হওয়ায় ও কুয়াশার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের ফুল ঝড়ে পড়ায় এর উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছিল। এর ফলে বাজারে কাঁচামরিচের দাম বাড়তে শুরু করেছিল। বর্তমানে আবহাওয়া ভালো হওয়ায় কাঁচামরিচের উৎপাদন বেড়েছে। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সররবাহ যেমন আগের তুলনায় বেড়েছে তেমনি দাম কমে এসেছে। সরবরাহ অব্যাহত থাকলে সামনের দিনে দাম আরো কমবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত