কারাগারে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টু। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন মহিলা দলের সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল। যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অনেক অন্যায়-অত্যাচার-দুর্যোগ সহ্য করেছেন। তারপরও দেশ ছেড়ে যাননি। একজনের লকারে ৮৩২ ভরি স্বর্ণ থাকে আর বেগম খালেদা জিয়ার নিজস্ব কোন বাড়ি নেই।
সালাম পিন্টু বলেন, একটি সরকারের পতনের পর প্রধানমন্ত্রী থেকে গ্রামের কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। গ্রামের কর্মীরাও আজ বাড়িতে থাকতে পারে না। তাদের মনের মধ্যে জানা আছে কি পরিমাণ অন্যায় তারা করেছে। লাখ লাখ টাকা বিদেশে পাচার করে এ দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।
তিনি বলেন, আমাদের সন্তানদের ধ্বংস করার জন্য নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। যুব সমাজের হাতে-ছাত্র সমাজের হাতে ফেনসিডিল তুলে দেয়া হয়েছে। আজ দোকানে দোকানে মাদক পাওয়া যায়। তারা ভেবেছিল মধ্যবিত্তদের শেষ করতে পারলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেষ করা যাবে। এদেশে হিন্দু-মুসলমান যারাই বসবাস করি সবাই ভাই ভাই। এ দেশটা আমাদের সকলের। শেষে চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান সালাম পিন্টু।
সমাবেশে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম, বিশেষ বক্তা ছিলেন আব্দুস সালাম পিন্টুর কন্যা ডা. সাফওয়াত বিনতে সালাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান মাওলানা শহীদুল ইসলাম। শেষে ৩০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
