খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে রাকিব ভুইয়া তামিম জানান, তাদের বাসা সবুজবাগের বাসাবো এলাকায়। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদের দুর্ঘটনার খবর দেয় পথচারীরা।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না ছেলে তামিম।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে।

সর্বশেষ সর্বাধিক পঠিত