অবশেষে বিক্রি হলেন মুশফিক-রিয়াদ-মুমিনুল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

অবশেষে বিপিএলে দল খুঁজে পেয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। প্রথম ডাকে অবিক্রিত ছিলেন এই তিন অভিজ্ঞ ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে থাকা মুশফিক–মাহমুদউল্লাহকে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘সি’ ক্যাটাগরি থেকে নিলামে তোলার কথা ছিল। কিন্তু তাঁদের প্রতি ‘সম্মান’ দেখিয়ে তা করা হয়নি।

৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। দুজনই গত বিপিএলেও খেলেছেন চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে। মুশফিক ২৮৯ টি-টোয়েন্টিতে ৬০০৩ রান করেছেন। তার স্ট্রাইকরেট ১২৬.১৪, গড় ২৯.১৪। মাহমুদউল্লাহ ৩৪৪ ম্যাচে ২৫.২১ গড় এবং ১২০.১১ স্ট্রাইকরেটে ৬১৭৬ রান করেছেন। 

আর সি ক্যাটাগরির মুমিনুল হককে ২২ লাখে দলে নিয়েছে সিলেট টাইট্যানস। মুমিনুল সর্বশেষ বিপিএল খেলেছিলেন ২০২৪। সেবার রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। সব মিলিয়ে ১২৯ টি-টোয়েন্টিতে ২২.৭  গড় এবং ১১৩.৯৭ স্ট্রাইকরেটে ২২৯৭ রান করেছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত