চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। আজ সোমবার ভোরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩ নম্বর ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২ নম্বর ওয়ার্ড এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), ১ নম্বর ওয়ার্ড, দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনস্থ নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।
জানা যায়, রবিবার ভোর সকালের দিকে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতাকর্মীসহ তিন মিনিটের একটি মিছিল বের করেন। তবে মিছিল শেষ করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজনের মাথায় হেলমেট পরিহিত ছিলেন। এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেন। পরে পুলিশ ভিডিও দেখে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অপরদিকে পৃথক অভিযানে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে হাটহাজারী ও কক্সবাজার জেলার রামু এবং হাটহাজারী এলাকার মো. শফি আলম (৩৫) ও মো. আরিফ (৩০) নামের দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
