বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে; আর তিনি কাঁদলে গণতন্ত্রকামী মানুষ কাঁদে। বেগম জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়া কোনও নির্দিষ্ট দলের নেত্রী নন; তিনি সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তার আপসহীন ভূমিকা অনন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অভিজ্ঞ নেতৃত্ব আজও প্রয়োজনীয় বলে তিনি মন্তব্য করেন।
বর্তমানে বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি। এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহবায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
